নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ অপরাহন, মে ২২, ২০২৬

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারধর ও ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ছাত্রদলের ৮ নেতার নামসহ অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২২ মে) রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ আরও কয়েকজন।

এজাহারে বলা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপি নেতাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা করে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খান।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করা হয়। এসবের মধ্যে একটি সনি আলফা এ৬৪০০ ক্যামেরা ও ট্যামরন লেন্সসহ প্রায় ১ লাখ ৯০ হাজার টাকার মালামাল হারানোর দাবি করা হয়েছে।

Nagad

এ ছাড়া হামলার সময় এনসিপি নেতাকর্মীদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।