আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, আহত কয়েকজন
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন একাধিক সাংবাদিক। শনিবার (৩০ মে) সন্ধ্যায় এ ঘটনায় কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হঠাৎ করেই হাসপাতাল কর্তৃপক্ষ সব প্রবেশপথ বন্ধ করে দেয়। পরে ১ নম্বর গেটের সামনে হাসপাতালের নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীরা অবস্থান নেন।
এ সময় সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে কয়েকজন সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং লাঠিসোটা নিয়ে ধাওয়া করেন। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে একটি অনলাইন সংবাদমাধ্যমের স্টাফ রিপোর্টার ও একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপারসন রয়েছেন বলে জানা গেছে। এছাড়া একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাঙচুরের অভিযোগও উঠেছে।
ঘটনার খবর পেয়ে মগবাজার থানা পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেও উত্তেজনা অব্যাহত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পরে পরিস্থিতি শান্ত করতে হাসপাতালের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ঘটনাস্থলে আসেন। তবে ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ সাংবাদিকরা হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

