স্কটল্যান্ডের কাছে বড় হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ অপরাহন, মে ৩০, ২০২৬

সংগৃহীত ছবি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়ে বড় হারের মধ্য দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই ব্যর্থতার পরিচয় দেয় টাইগ্রেসরা।

শনিবার (৩০ মে) অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান করে। জবাবে ১৫.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্য পার করে ফেলে স্কটল্যান্ড।

বাংলাদেশের হয়ে ইনিংসের শুরুটা ভালো হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। ওপেনার জুয়াইরিয়া ১৩ বলে ১২ রান ও দিলারা আকতার ১৬ বলে ১১ রান করে ফেরেন।

মাঝে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির জুটিতে ৪২ রান আসে। সোবহানা করেন ২২ বলে ২২ রান। শেষ পর্যন্ত অধিনায়ক জ্যোতি ৩৯ বলে ৪৬ রানে অপরাজিত থাকলেও বড় স্কোর গড়া সম্ভব হয়নি।

জবাবে স্কটল্যান্ডের ওপেনার ও অধিনায়ক ক্যাথরিন ব্রাইস ঝড়ো ব্যাটিং করে ৩২ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ব্যাটে ভর করে স্বাগতিকরা সহজেই লক্ষ্যে পৌঁছে যায়।

বাংলাদেশের বোলিংয়ে কার্যকর কোনো চাপ তৈরি হয়নি, পাশাপাশি ফিল্ডিংয়েও একাধিক ক্যাচ মিস ও ঢিলেঢালা পারফরম্যান্সে সুবিধা পায় স্কটল্যান্ড।

Nagad

বিশ্বকাপের আগে এই সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখা হলেও, প্রথম ম্যাচের পারফরম্যান্সে বড় ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশ শিবিরে।