১৫৩ মেধাবী শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫৩ জন জুনিয়র বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে নিয়ে ব্যতিক্রমী শিক্ষা সফরের আয়োজন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (৮ জুন) দিনব্যাপী এ শিক্ষা সফরে শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন, সংসদ পাঠাগার, নভোথিয়েটার এবং বাংলাদেশ সামরিক জাদুঘর ঘুরিয়ে দেখানো হয়। সফরে সংসদ সদস্য নিজেও শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থেকে বিভিন্ন স্থাপনার ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে ধারণা দেন।
সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে সংসদ পাঠাগার পরিদর্শন এবং গ্যালারিতে বসে সরাসরি সংসদীয় কার্যক্রম দেখার সুযোগ পায়। পাশাপাশি বাংলাদেশ সামরিক জাদুঘরে দেশের সামরিক ঐতিহ্য, ইতিহাস ও বীরত্বগাথা সম্পর্কে জানার সুযোগ লাভ করে।
এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করাও জরুরি। রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সম্পর্কে ধারণা দিতে এবং শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করতেই এ শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।
সফরে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করে। শিক্ষার্থী সৈয়দ রিজওয়ান হাসান ও তানিয়া আক্তার বলেন, বই ও টেলিভিশনে দেখা জাতীয় সংসদ ভবন ও সামরিক জাদুঘর সরাসরি দেখার সুযোগ তাদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। তারা জানান, পুরো সফরে সংসদ সদস্য তাদের সঙ্গে ছিলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে গাইড করেছেন।
দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন এবং দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান এ উদ্যোগকে প্রশংসনীয় ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।

