বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, স্বাস্থ্যখাতে বিশেষ বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। বুধবার (১৭ জুন) দুপুরে রাজবাড়ী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা একটা অথৈ সাগরের ভেতরে সাঁতার কাটছি। তবুও আল্লাহর রহমতে বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার ডাক্তার নেব। পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থাও বাড়ানো হচ্ছে।’ তিনি জানান, রাজবাড়ী সদর হাসপাতালে সম্প্রতি ১৪ জন চিকিৎসক পদায়ন করা হয়েছে, যার মধ্যে ছয়জন এখনো যোগদান করেননি। দুইজন কনসালটেন্টও দেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও জনবল দেওয়া হবে।

হাসপাতালে অনুপস্থিত চিকিৎসকদের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেপুটেশন ব্যবস্থা বাতিল করা হচ্ছে। দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত এক নারী চিকিৎসক অন্যত্র প্র্যাকটিস করছেন-এমন অভিযোগের ভিত্তিতে তাকে এক সপ্তাহের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘১৭ বছরের জঞ্জাল একবারে শেষ করা সম্ভব নয়, তবে ধাপে ধাপে আমরা কাজ করছি।’

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের নতুন ভবন ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় আসবাবপত্র ও যন্ত্রপাতির তালিকা প্রস্তুতের নির্দেশ দেন। পাশাপাশি সুপেয় পানি, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকীকরণ এবং ফ্রিজার স্থাপনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সব হাসপাতালে ধীরে ধীরে আইসিইউ সেবা চালু করা হবে এবং ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে। এ বিষয়ে টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘গরিব মানুষ যাতে কম খরচে ডায়ালাইসিস সেবা পায়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। গত সপ্তাহেও ১০টি হাসপাতালে আইসিইউ সেবা চালু করা হয়েছে।’

Nagad

পরিদর্শন শেষে মন্ত্রী হাসপাতালের ওয়ার্ড, টয়লেট, রান্নাঘরসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি চিকিৎসক ও কর্মচারীদের হাজিরা খাতা পর্যালোচনা করেন এবং হাসপাতালে শৃঙ্খলা, উপস্থিতি ও দালালমুক্ত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।