দ. কোরিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা
অবশেষে ২৮ বছরের অপেক্ষার অবসান হলো দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি।
২০২৬ ফুটবল বিশ্বকাপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মেক্সিকোর মনতেরেতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়ায় দক্ষিণ আফ্রিকা এবং তারই ফল আসে ৬৩তম মিনিটে।
বক্সের ভেতরে সুযোগ পেয়ে জোরালো শটে বল জালে জড়ান থাপেলো মাসেকো। তার করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। শেষ বাঁশি বাজার পর খেলোয়াড়দের উচ্ছ্বাসই বলে দিচ্ছিল, কত বড় এক অর্জন তুলে নিয়েছে দলটি।
এই জয়ে ‘এ’ গ্রুপে স্বাগতিক মেক্সিকোর পর দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। একই সময়ে অনুষ্ঠিত অন্য ম্যাচে মেক্সিকো ৩-০ গোলে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে তিন ম্যাচেই জয় তুলে নেয়।
অন্যদিকে, এই হারে দক্ষিণ কোরিয়ার নকআউট পর্বে ওঠার আশা অনিশ্চয়তায় পড়ে গেছে। এখন শেষ ষোলোতে জায়গা পেতে হলে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। সেরা তৃতীয় স্থানধারী আট দলের একটি হতে পারলেই কেবল পরের পর্বে খেলার সুযোগ পাবে দক্ষিণ কোরিয়া।
উল্লেখ্য, ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ দিয়ে বিশ্বমঞ্চে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার। এরপর ২০০২, ২০১০ ও ২০২৬—মোট চারটি বিশ্বকাপে অংশ নিলেও এবারই প্রথম গ্রুপপর্ব পেরিয়ে নকআউট মঞ্চে উঠল তারা। ফলে দক্ষিণ আফ্রিকার ফুটবল ইতিহাসে দিনটি বিশেষ স্মরণীয় হয়ে থাকবে।

