সবকিছুতেই বিরোধিতার সংস্কৃতি সমর্থন করি না: সংসদে ডা. শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার সব কৃতিত্ব নেবে আর বিরোধীদল সবকিছুর বিরোধিতা করবে-এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি তিনি সমর্থন করেন না। একই সঙ্গে সরকার ও বিরোধী দল উভয়কেই পারস্পরিক সম্মান বজায় রেখে দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘এখানে সরকারি দল সব ক্রেডিট নেবে আর বিরোধীদল সবকিছুতেই শুধু বিরোধিতা করবে-ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আমরা এই কালচার সমর্থন করি না। সরকারিদলকেও বিরোধীদলকে সম্মান করতে হবে। একইভাবে বিরোধীদলেরও দায়িত্ব থাকবে দেশ গঠনে তার অবস্থান থেকে যথাযথ ভূমিকা রাখা।’
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। দেশের স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না এবং সব ধরনের আন্তর্জাতিক চুক্তি দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সম্পাদন করতে হবে।
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সব চুক্তি সংসদে উপস্থাপনের দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সংসদকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। গুরুত্বপূর্ণ সব বিষয় সংসদের ভেতরেই আলোচনা ও অনুমোদনের মাধ্যমে হওয়া উচিত।’

