নেইমারকে কেন খেলাননি? ম্যাচ শেষে ব্যাখ্যা দিলেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে দ্বিতীয়ার্ধে নেইমার জুনিয়রকে টাচলাইনের পাশে ওয়ার্ম-আপ করতে দেখা গেলেও শেষ পর্যন্ত তাকে মাঠে নামাননি ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন ইতালিয়ান এই কোচ।
সোমবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। তবে পুরো ম্যাচে বেঞ্চে থাকা নেইমারকে না খেলানো নিয়ে সমর্থকদের মধ্যে নানা প্রশ্ন ওঠে।
ম্যাচ শেষে আনচেলত্তি জানান, অতিরিক্ত সময়ের কথা মাথায় রেখেই নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল। কিন্তু ইনজুরি টাইমে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জয়সূচক গোলের পর সেই প্রয়োজন আর হয়নি।
আনচেলত্তি বলেন, ‘আমরা অতিরিক্ত সময়ের কথা ভেবেই নেইমারকে নামানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আমি তার সঙ্গে কথা বলেছিলাম। পরিকল্পনা ছিল ৬০ বা ৬৫ মিনিটের দিকে তাকে মাঠে নামানোর। কিন্তু সমতায় ফেরার পর আমি দলের ছন্দ ও ফরমেশন পরিবর্তন করতে চাইনি, কারণ তখন ম্যাচ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে ছিল।’
দ্বিতীয়ার্ধে কিছু সময় নেইমারকে সাইডলাইনে ওয়ার্ম-আপ করতে দেখা যায়। এ সময় গ্যালারিতে থাকা ব্রাজিল সমর্থকেরা তার নাম ধরে স্লোগানও দেন। তবে কিছুক্ষণ পর আনচেলত্তি তাকে বেঞ্চে ফিরিয়ে নেন এবং মাঠে থাকা খেলোয়াড়দের ওপরই আস্থা রাখেন।
ম্যাচের প্রথমার্ধে কাইশু সানোর গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে ৫৬ মিনিটে কর্নার থেকে কাসেমিরো হেডে সমতা ফেরান। এরপর ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে ব্রুনো গুইমারেসের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে জয়সূচক গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।
ম্যাচ শেষে আনচেলত্তি দলের গভীরতার প্রশংসা করে বলেন, ‘আমাদের দলে মাঠে ও বেঞ্চে-দুই জায়গাতেই অনেক বিকল্প রয়েছে। খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে খুব ভালো পারফর্ম করছে। এটি ছিল কঠিন একটি ম্যাচ। জাপান খুবই সংগঠিত ও তীব্র গতির দল।’
এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৫ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে সেলেসাওরা।

