সমকামী যাত্রীবাহী মার্কিন প্রমোদতরিকে বন্দরে ভিড়তে দিল না তুরস্ক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬

প্রায় দুই হাজার সমকামী যাত্রী এবং ব্রডওয়ে তারকা পাত্তি লুপোনকে বহনকারী একটি মার্কিন প্রমোদতরিকে তুরস্কের বন্দরে ভিড়তে দেয়নি দেশটির কর্তৃপক্ষ। ‘দেশের সামাজিক কাঠামো ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’—এমন কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, রিচার্ড ব্র্যানসনের মালিকানাধীন ভার্জিন ভয়েজেস-এর ‘স্কারলেট লেডি’ নামের প্রমোদতরিটি এলজিবিটিকিউ সম্প্রদায়ের ভ্রমণের জন্য মার্কিনভিত্তিক প্রতিষ্ঠান অ্যাটলান্টিস ইভেন্টস ভাড়া করেছিল।

রোববার (৫ জুলাই) গ্রিসের এথেন্স থেকে ১০ দিনের এ সমুদ্রযাত্রা শুরু হয়। সূচি অনুযায়ী মঙ্গলবার (৭ জুলাই) তুরস্কের কুসাদাসি এবং পরে ইস্তাম্বুল বন্দরে নোঙর করার কথা ছিল।

তবে তুরস্ক কর্তৃপক্ষ নোঙরের অনুমতি বাতিল করে জানায়, জাহাজটি এমন একটি গোষ্ঠীর জন্য ভাড়া করা হয়েছে, যাদের কার্যক্রম দেশটির সামাজিক কাঠামো ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট গোষ্ঠীর তুরস্কে প্রবেশের সুযোগ নেই বলেও জানানো হয়।

অ্যাটলান্টিস ইভেন্টসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিচ ক্যাম্পবেল এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রতিষ্ঠানের ৩৬ বছরের ইতিহাসে এই প্রথম শুধু যাত্রীদের পরিচয়ের কারণে কোনো দেশে তাদের জাহাজ ভিড়তে দেওয়া হয়নি।

জাহাজটিতে পারফর্ম করার কথা থাকা ব্রডওয়ে অভিনেত্রী পাত্তি লুপোনও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন, শুধু যাত্রীদের পরিচয়ের কারণে জাহাজটির প্রবেশাধিকার বাতিল করা হয়েছে, যা হতাশাজনক।

Nagad

এ ঘটনার পর আয়োজকরা প্রমোদতরির রুট পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তুরস্কের পরিবর্তে জাহাজটি এখন মিশরের কায়রো এবং গ্রিসের ক্রিট দ্বীপে যাত্রা করবে।

উল্লেখ্য, তুরস্কে সমকামিতা আইনগতভাবে অপরাধ না হলেও ২০১৫ সাল থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে ইস্তাম্বুলে ‘প্রাইড মার্চ’ নিষিদ্ধ রয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও ক্ষমতাসীন দলের নেতারাও বিভিন্ন সময়ে এলজিবিটিকিউ সম্প্রদায় নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান