নেসকোর ১৪১ কোটি টাকার উপকেন্দ্র উন্নয়ন প্রকল্প অনুমোদন
নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে ১৪১ কোটি ৩৩ লাখ টাকার একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে স্থানীয় সরকার বিভাগের একটি সেতু প্রকল্পের ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের অধীন ‘নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন’ প্রকল্পের আওতায় রংপুর অঞ্চলের ৯টি ৩৩/১১ কেভি এআইএস উপকেন্দ্রের নকশা প্রণয়ন, সরঞ্জাম সরবরাহ, স্থাপন, পরীক্ষা ও চালুকরণের কাজ বাস্তবায়ন করা হবে।
এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৪১ কোটি ৩৩ লাখ ১৩ হাজার ৭৬ টাকা। কাজটি বাস্তবায়ন করবে অ্যাডেক্স করপোরেশন লিমিটেড (এসিএল) ও অ্যাডেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এইইএল) যৌথ উদ্যোগ।
এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলার একটি সেতু নির্মাণ প্যাকেজের ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
প্রকল্পটির মূল চুক্তিমূল্য ছিল ১১০ কোটি টাকা। অতিরিক্ত ৬ কোটি ৯ লাখ ৩০ হাজার ৬১৯ টাকা অনুমোদনের ফলে সংশোধিত চুক্তিমূল্য বেড়ে হয়েছে ১১৬ কোটি ৯ লাখ ৩০ হাজার ৬১৯ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

