বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘব করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : মাহদী আমিন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

টানা ভারি বৃষ্টিপাত, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকার উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম একযোগে পরিচালনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নির্দেশনায় কেন্দ্র থেকে স্থানীয় প্রশাসন পর্যন্ত সমন্বিতভাবে কাজ চলছে। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

শনিবার (১১ জুলাই) দেশের বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুখপাত্র মাহদী আমিন।

মাহদী আমিন বলেন, প্রবল বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা। এসব জেলার মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পাঁচ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে উদ্ধার, ত্রাণ ও জননিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন।

রোববার প্রধানমন্ত্রী দেশের সব বিভাগীয় কমিশনারদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানান উপদেষ্টা মাহদী আমিন।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইউএনও, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। উদ্ধার কার্যক্রমে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড এবং সীমান্তবর্তী এলাকায় বিজিবিকে যুক্ত করা হয়েছে। ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থাও মাঠে সক্রিয় রয়েছে।

Nagad

মাহদী আমিন আরও বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইতোমধ্যে চট্টগ্রামে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। স্থানীয় সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতারাও ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থান করে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছেন।

মুখপাত্র মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান হিসেবে দলীয় নেতাকর্মীদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই আহ্বানে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থানীয়ভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে দুই কোটির বেশি টাকার আর্থিক সহায়তা অনুমোদন করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ত্রাণসামগ্রী ও চাল পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্বাসনের বিষয়েও সরকার কাজ করছে।

স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা মাহদী আমিন বলেন, পানিবাহিত রোগ প্রতিরোধ, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং বিশেষ করে সাপের কামড়ের চিকিৎসা ও ভ্যাকসিনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাহদী আমিন আরও জানান, পানি নেমে গেলে দ্রুত সড়ক ও রেলপথ মেরামতের জন্য এলজিইডি, সড়ক ও জনপথ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশু পালনকারীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়েও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব শিগগিরই খাদ্যবান্ধব কর্মসূচিও চালু করা হবে।

মুখপাত্র মাহদী আমিন বলেন, ইতোমধ্যে এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা হয়েছে। যদিও কয়েকটি এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় যোগাযোগে সমস্যা হচ্ছে, তবুও স্থানীয় প্রশাসন ও নেতাকর্মীরা মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে কাজ করছেন।

মাহদী আমিন জানান, সরকারের কার্যক্রম শুধু উদ্ধার বা ত্রাণে সীমাবদ্ধ নয়; একই সঙ্গে রেসকিউ, রিলিফ ও রিহ্যাবিলিটেশন, অর্থাৎ উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন—এই তিনটি ধাপকে সমন্বয় করেই কাজ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, ক্ষতিগ্রস্ত পাঁচ জেলায় আগামীকালের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করছেন এবং তার জানা তথ্য অনুযায়ী, ‘১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হতে পারে’।

মাহদী আমিন বলেন, তিনি ওই বৈঠকে উপস্থিত ছিলেন না। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও জেলাগুলোর জন্য ১৬ জুলাইয়ের পর নতুন সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জেনেছেন।

মাহদী আমিন আরও বলেন, দুর্যোগের সময়ে জাতীয় ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারের পাশাপাশি রাজনৈতিক দল, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে কাজ করলে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করা সম্ভব হবে।

উপদেষ্টা মাহদী আমিন বলেন, নির্বাচিত সরকার প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বোচ্চ দায়িত্ববোধ, আন্তরিকতা ও মানবিকতা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। ত্রাণ, খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, পুনর্বাসন ও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় পরীক্ষা স্থগিতসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে দুর্গত মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। সূত্র: ইউএনবি