বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান স্থগিত রাখার কারণ ব্যাখ্যা করেছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা (পাবলিক বেনিফিট) ব্যবহারের হার বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই) এক বিবৃতিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষা করা দেশটির সরকারের দায়িত্ব। সে কারণে অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার অতিরিক্ত বোঝা হয়ে না দাঁড়ান, তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানায়, গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত রয়েছে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের ভিসা যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনা করছে, যাতে তা দেশটির নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেয়।
তবে এ স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা, যেমন পর্যটক, শিক্ষার্থী কিংবা অন্যান্য স্বল্পমেয়াদি ভিসার ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।