নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সামানজার সাঈদ
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন সামানজার সাঈদ। রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনিতে তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেওয়া হয়।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর। বিভিন্ন ধাপ পেরিয়ে গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেন পাঁচ প্রতিযোগী—আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ ও স্বাগতা সাহা ঐশী। প্রশ্নোত্তর পর্ব শেষে বিচারকদের সিদ্ধান্তে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় সামানজার সাঈদের নাম।
‘বিউটি উইথ আ পারপাস’—মিস ওয়ার্ল্ডের মূল প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর প্রতিষ্ঠাতা ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। তিনি বলেন, তরুণদের মডেলিং ও উপস্থাপনায় দক্ষ করে তোলার লক্ষ্য নিয়েই তাদের যাত্রা শুরু হয়েছিল এবং ইতোমধ্যে সেখান থেকে অনেকেই শোবিজ অঙ্গনে সফলভাবে কাজ করছেন।
এবারের প্রতিযোগিতার বিচারক ছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ শিরিন আক্তার শিলা, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, ডেইলি স্টার-এর স্টার লাইফস্টাইল সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪’ এফা তাবাসসুম।
নতুন বিজয়ী সামানজার সাঈদ আগামী ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। ভিয়েতনামের হো চি মিন সিটিতে আগামী ৯ আগস্ট প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। আর ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।

