বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

রাজধানীর বংশালে একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় নাপিত ও কাস্টমারসহ ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে গুলিস্তান আলু বাজার এলাকার ‘আরমান সেলুনে’ এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নাপিত সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬) ও আরমান (৩৭) এবং কাস্টমার মো. ফারুক (৩৫), রিনকো (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫) ও সাকিব (১৭)।

দগ্ধদের ভাষ্য, রাত ১টার দিকে হঠাৎ সেলুনের এসি বিকট শব্দে বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেলুনে থাকা সবাই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিনকোর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সামশেদ ও আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং সাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, আহত ১০ জনের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার কারণ ও বিস্ফোরণের উৎস খতিয়ে দেখা হচ্ছে।

Nagad