শিক্ষার্থীদের লংমার্চ: নীলক্ষেতে বিজিবি, সায়েন্সল্যাবে অতিরিক্ত পুলিশ মোতায়েন
শিক্ষার্থীদের ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সায়েন্সল্যাব মোড়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নীলক্ষেত মোড়ে বিজিবির সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। একই সময়ে সায়েন্সল্যাব এলাকায় ৫০ জনের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঢাকার উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায় তারা প্রথমে সমবেত হবেন। পরে সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে ‘লং মার্চ’ শুরু করার কথা রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান নিয়েছেন।

