আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

নতুন এই কমিটি বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর নীতি প্রণয়ন, সমন্বয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করবে। তামিমের নেতৃত্বাধীন কমিটির সদস্য হিসেবে রয়েছেন নামিবিয়া ক্রিকেটের ড. রুডি ভ্যান ভুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।

আইসিসির একই বৈঠকে গভর্ন্যান্স রিভিউ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হয়েছেন বিসিসিআইয়ের দেবজিত সাইকিয়া। সদস্য হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ড. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক ড. রোজ রিভাজ।

বার্ষিক সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মরিশাসকে আইসিসির ১১১তম সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে আর্থিক সহায়তা হিসেবে ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে আইসিসি।

এছাড়া ক্রিকেট কানাডার স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য পুনর্বহালের শর্ত অনুমোদন করা হয়েছে। শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তাদের স্থগিতাদেশ বহাল থাকবে। শ্রীলঙ্কা ক্রিকেটের সংবিধান সংস্কারের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছে আইসিসি। একই সঙ্গে আপাতত আইসিসি বোর্ড সভায় শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতিনিধিত্ব স্থগিত রাখা হয়েছে।

এদিকে, আইসিসি নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবালকে বাংলাদেশের ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি সদস্যপদের শর্ত ভঙ্গের অভিযোগে ফ্রান্স ক্রিকেটকে ‘অন নোটিশ’-এ রাখার সিদ্ধান্তও অনুমোদন করা হয়েছে।

Nagad