কিশোরগঞ্জে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজের বাগানবাড়িতে প্রবেশের সময় জাহাঙ্গীরের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক জানান, রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হলেও এর আগেই তার মৃত্যু হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন হামলাকারী জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে একজন হামলাকারীকে আটক করতে সক্ষম হন। তবে অপর দুইজন পালিয়ে যায়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ একজনকে আটক করেছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

Nagad