সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত মোজাফফর হোসেন আটক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার ৪৫ বছর ধরে পলাতক আসামি মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, জিয়াউর রহমান হত্যা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মেজর (অব.) মোজাফফর হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে ডিবি।
জিয়াউর রহমান বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ছিলেন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান। হত্যাকাণ্ডের পর তার মরদেহ চট্টগ্রামের রাউজানের একটি জঙ্গলে গোপনে দাফন করা হয়েছিল। তিন দিন পর মরদেহ উদ্ধার করে ঢাকায় আনা হয় এবং জাতীয় সংসদ ভবন চত্বরে তাকে সমাহিত করা হয়।
দীর্ঘ ৪৫ বছর পর মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তারের ঘটনায় আলোচনায় এসেছে বহুল আলোচিত এই হত্যা মামলা।

