বিশ্বকাপ ফাইনালে ঐতিহ্যবাহী জার্সিতেই মাঠে নামছে আর্জেন্টিনা-স্পেন
বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে আর্জেন্টিনা ও স্পেনের জার্সি চূড়ান্ত করেছে ফিফা। শিরোপা নির্ধারণী ম্যাচে দুই দলই নিজেদের ঐতিহ্যবাহী হোম জার্সি পরেই মাঠে নামবে।
ফিফার তথ্য অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে তাদের চিরচেনা আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, সাদা শর্টস ও সাদা মোজায়। দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ থাকবেন সবুজ রঙের গোলকিপার কিটে।
অন্যদিকে স্পেন মাঠে নামবে তাদের ঐতিহ্যবাহী লাল জার্সি, নেভি ব্লু শর্টস ও নীল মোজায়। গোলরক্ষক উনাই সিমনের পরনে থাকবে হালকা নীল রঙের কিট।
বিশ্বকাপ ইতিহাসে নিজেদের ঐতিহ্যবাহী জার্সিতে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে আর্জেন্টিনা। ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের তিনটি বিশ্বকাপ শিরোপাই এসেছে এই আকাশি-সাদা জার্সি পরে।
সাধারণত বড় ম্যাচে দুই দলের জার্সির রঙ কাছাকাছি হলে একটি দলকে অ্যাওয়ে জার্সি ব্যবহার করতে হয়। তবে আর্জেন্টিনার আকাশি-সাদা ও স্পেনের লাল জার্সির মধ্যে স্পষ্ট পার্থক্য থাকায় এবার দুই দলই হোম জার্সি পরে খেলতে পারবে।
আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য স্পেনের।

