পরের বিশ্বকাপ কোথায়? ২০৩০ ও ২০৩৪ সালের আয়োজক কারা
২০২৬ বিশ্বকাপের পর্দা নামার পর থেকেই ফুটবলপ্রেমীদের নজর এখন পরবর্তী আসরের দিকে। ২০৩০ সালে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ২৪তম আসর, যা একই সঙ্গে বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের উপলক্ষও হবে। আর ২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে সৌদি আরব।
২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক তিন দেশ-স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।
বিশ্বকাপের প্রথম ম্যাচ হবে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্তেনারিও স্টেডিয়ামে, যেখানে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। অন্য দুটি ম্যাচ হবে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তাল এবং প্যারাগুয়ের আসুনসিয়নের এস্তাদিও ওসভাল্দো দোমিঙ্গেজ দিব স্টেডিয়ামে।
এরপর মূল পর্বের খেলা অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, বিলবাও, ভ্যালেন্সিয়া ও সান সেবাস্তিয়ানসহ কয়েকটি শহর, পর্তুগালের লিসবন ও পোর্তো এবং মরক্কোর কাসাব্লাঙ্কা, রাবাত, মারাকেশ, ফেজ, আগাদির ও তাঙ্গিয়েরে ম্যাচ অনুষ্ঠিত হবে।
আয়োজক হওয়ায় স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে।
ফিফার সূচি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ শুরু হবে ৮ জুন। শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৩-১৪ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই। তবে ফাইনালের ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি।
অন্যদিকে, ২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে ২০২৪ সালের ডিসেম্বরে সৌদি আরবকে অনুমোদন দেয় ফিফা। ৪৮ দলের এই আসরের ম্যাচগুলো সৌদি আরবের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে। তবে ভেন্যু ও পূর্ণাঙ্গ সূচি এখনও চূড়ান্ত হয়নি।

