বিশ্বকাপ ফাইনাল দেখা নিয়ে দাম্পত্য কলহ, যুবকের আত্মহত্যা!
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে মো. আলাউদ্দিন ওরফে রায়হান (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আজ সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান কুয়েতপ্রবাসী আব্দুল বারেকের ছেলে। তিনি আগে সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফেরেন এবং পাঁচ-ছয় মাস আগে বিয়ে করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখেন রায়হান। ভোরে বাড়ি ফিরে দেরিতে ফেরাকে কেন্দ্র করে স্ত্রী মারজান আক্তার মমতাজের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে গেলে রায়হান আত্মহত্যার হুমকি দেন। পরে স্ত্রী কিছু দূর গিয়ে আবার ফিরে এসে দেখেন, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন তার স্বামী।
পরিবারের সদস্যরা জানান, সোমবারই রায়হানের পুনরায় সৌদি আরব যাওয়ার কথা ছিল।
খবর পেয়ে দুপুরে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

