আরও ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্, জুলই ২১, ২০২৬

দেশের আরও ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা (প্রি-কেইস মেডিয়েশন) কার্যক্রম চালু হয়েছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে বিচারপ্রার্থীরা আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ পাবেন, যা মামলাজট কমানোর পাশাপাশি সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা ২১(খ) অনুযায়ী বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইল জেলায় বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, এই উদ্যোগের ফলে বিচারপ্রার্থীরা দ্রুত ও সহজে আইনি সেবা পাবেন। একই সঙ্গে আদালতের দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত ব্যয়ের চাপ থেকেও সাধারণ মানুষ অনেকটা মুক্তি পাবেন।

তিনি জানান, প্রকল্পভুক্ত ২০ জেলায় স্পেশাল মেডিয়েটরের মাধ্যমে পরিচালিত মধ্যস্থতা কার্যক্রম ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। পারিবারিক বিরোধ, বাড়িভাড়া, জমি বণ্টন, অগ্রক্রয়, পিতা-মাতার ভরণপোষণ এবং যৌতুকসংক্রান্ত মামলায় নতুন মামলা দায়েরের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাসে এসব বিষয়ে আদালতে ১১ হাজার ২৮০টি মামলা দায়ের হয়েছিল। চলতি বছরের একই সময়ে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৮৪টিতে। অর্থাৎ নতুন মামলা দায়েরের হার কমেছে ৬২ দশমিক ২ শতাংশ।

Nagad

আইনমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের বাকি সব জেলায়ও বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া নতুন অন্তর্ভুক্ত ১০ জেলার জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং লিগ্যাল এইড কর্মকর্তারা ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।