পুলিশই কানে কানে বলেছে, এই সরকারকে সরিয়ে দিন: রাহুল গান্ধী
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, শিক্ষার্থী আন্দোলন দমনে সরকারের পদক্ষেপে পুলিশ সদস্যদের মধ্যেও অসন্তোষ রয়েছে। বিক্ষোভ চলাকালে তাকে আটক করতে আসা কয়েকজন পুলিশ সদস্য কানে কানে সরকার পরিবর্তনের কথাও বলেছেন বলে দাবি করেন তিনি।
বুধবার (২২ জুলাই) শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিরোধী নেতাদের বিক্ষোভে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির প্রসঙ্গ তুলে রাহুল গান্ধী এ মন্তব্য করেন।
রাহুল বলেন, ‘যা করা হচ্ছে, তাতে পুলিশও খুশি নয়। তারাও নিজেদের সন্তানদের কথা ভাবতে পারছে।” তিনি আরও দাবি করেন, “এটা সত্য যে পুলিশ আমাকে টেনে নিয়ে গেছে। কিন্তু একই সময় তারা আমার কানে ফিসফিস করে বলছিল—এই সরকারকে সরিয়ে দিন।’
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন রাহুল গান্ধী। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন তিনি।
তবে রাহুল গান্ধীর এ দাবির বিষয়ে ভারতীয় পুলিশ বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র: দ্য হিন্দু

