আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সমর্থন চাইল বাংলাদেশ
দক্ষিণ-পূর্ব এশীয় জোট আসিয়ানের (আসিয়ান) সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় ফিলিপাইনের সমর্থন চেয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মা. থেরেসা পি. লাজারোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
শনিবার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন (টিএসি)-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় ফিলিপাইনের সমর্থন কামনা করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে নার্সিং খাতে সহযোগিতা, চিকিৎসা পর্যটনের জন্য ভিসা সহজীকরণ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং পরিবার পুনর্মিলনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
আলোচনায় দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টায় ফিলিপাইনের সমর্থনও চান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা কাঠামোর সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও গভীর করা এবং বহুমুখী সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার মর্যাদা অর্জে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

