সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:০১ অপরাহন, জুলই ২৬, ২০২৬

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর পর্যটক মো. জাওয়াদ উল ইসলামের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে তিন্দুমুখ বিজিবি ক্যাম্পসংলগ্ন সাঙ্গু নদীর ঘাট এলাকায় মরদেহটি ভেসে উঠলে বিজিবি সদস্যরা তা উদ্ধার করেন।

নিহত জাওয়াদ উল ইসলাম ময়মনসিংহের মাসকান্দা এলাকার বাসিন্দা মো. হেলাল উদ্দীনের ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে থানচির জনপ্রিয় পর্যটন এলাকা বড়পাথরে ইঞ্জিনচালিত একটি নৌকা উল্টে গেলে সাঙ্গু নদীতে নিখোঁজ হন জাওয়াদ। পরদিন চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের তিন সদস্যের ডুবুরি দল এবং থানচি ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যসহ মোট আট সদস্যের উদ্ধারকারী দল দিনব্যাপী অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি।

রোববার সকালে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে তিন্দুমুখ বিজিবি ক্যাম্পসংলগ্ন নদীঘাটে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান।

বর্তমানে মরদেহটি তিন্দুমুখ বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Nagad

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল রয়েছে। উদ্ধারকারী দল ফিরে এলে পুরো ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।