মেসিকে ছাড়াই জয়ের ধারায় ইন্টার মিয়ামি, নজর কাড়লেন ক্যাসেমিরো
বিশ্বকাপের পর এখনও বিশ্রামে রয়েছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকাকে ছাড়াই মেজর লিগ সকারে (এমএলএস) জয়ের ধারা ধরে রেখেছে ইন্টার মিয়ামি। শনিবার মন্ট্রিয়লকে ১-০ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। ম্যাচটিতে ইন্টার মিয়ামির জার্সিতে অভিষেক হয়েছে ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল নতুন ফরোয়ার্ড জার্মান বার্তেরামের ভয়াবহ চোট।
মন্ট্রিয়লের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নেয় ইন্টার মিয়ামি। সদ্য ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আসা ক্যাসেমিরো প্রথম ম্যাচেই অভিজ্ঞতার ছাপ রাখেন। ৯১ ম্যাচের ব্রাজিলিয়ান আন্তর্জাতিক এবং রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই মিডফিল্ডার মাঝমাঠে দারুণ নৈপুণ্য দেখান।
ম্যাচের ৮১তম মিনিটে কর্নার থেকে আসা বলে লাফিয়ে ওঠার সময় মন্ট্রিয়লের ডিফেন্ডার এফ্রেইন মোরালেসের সঙ্গে মাথায় সংঘর্ষ হয় ইন্টার মিয়ামির নতুন মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বার্তেরামের। সংঘর্ষের পর তিনি মাঠেই অচেতন হয়ে পড়েন। পরিস্থিতির গুরুত্ব বুঝে চিকিৎসকরা দ্রুত মাঠে প্রবেশ করেন এবং দীর্ঘক্ষণ চিকিৎসা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ম্যাচ শেষে ইন্টার মিয়ামির কোচ গিয়ের্মো হোয়োস জানান, বার্তেরামের জ্ঞান ফিরেছে এবং তিনি সচেতন অবস্থায় আছেন। পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।
বার্তেরামের ওপর হওয়া ফাউলের সুবাদেই পেনাল্টি পায় ইন্টার মিয়ামি। স্পটকিক থেকে একমাত্র গোলটি করেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। গোল উদযাপনের সময় আহত সতীর্থের জার্সি হাতে তুলে ধরে আবেগঘন মুহূর্তের জন্ম দেন তিনি।
এটি ছিল সুয়ারেজের শেষ তিন ম্যাচে ষষ্ঠ গোল। চলতি এমএলএস মৌসুমে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯-এ।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর এখনও বিশ্রামে রয়েছেন লিওনেল মেসি। তার সঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলও টানা দ্বিতীয় ম্যাচে মাঠের বাইরে ছিলেন। এমএলএস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহের অল-স্টার ম্যাচেও মেসির অংশগ্রহণ বাধ্যতামূলক নয়। ফলে তাকে আরও কিছুদিন বিশ্রাম দেওয়ার সুযোগ পাচ্ছে ইন্টার মিয়ামি।
বিশ্বকাপ বিরতির পর টানা দুটি ম্যাচ জিতেছে ইন্টার মিয়ামি। সব মিলিয়ে ক্লাবটির টানা জয় এখন ছয়ে পৌঁছেছে। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। ন্যাশভিল এদিন অরল্যান্ডো সিটির কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় শীর্ষস্থানের ব্যবধান আরও কমেছে।
অন্যদিকে, বুধবার ইন্টার মিয়ামির কাছে হারের পর নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষেও ৩-১ গোলে পরাজিত হয়েছে শিকাগো ফায়ার। ফলে বার্সেলোনা থেকে যোগ দেওয়া রবার্ট লেভানডোভস্কি এখনও শিকাগোর হয়ে প্রথম জয়ের অপেক্ষায় রয়েছেন।

