লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স প্রায় দেড় মাস পর পুনর্বহাল করেছে সরকার। একই সঙ্গে হাসপাতালটিকে শর্তসাপেক্ষে পুনরায় চিকিৎসা কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ছয় নবজাতকের মৃত্যুর মর্মান্তিক ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। তদন্ত কমিটির দাখিলকৃত প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় লাইসেন্স বাতিলের আদেশটি প্রত্যাহার করা হয়েছে।
তবে হাসপাতালটি পুনরায় চালু করার ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে মন্ত্রণালয়। শর্তানুযায়ী, ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর সব বিধান যথাযথভাবে মেনে চলতে হবে।
পাশাপাশি লাইসেন্সের নিয়ম অনুযায়ী পর্যাপ্ত ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘন করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রজ্ঞাপনে সতর্ক করা হয়।

