আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪৭ অপরাহন, জুলই ২৭, ২০২৬

সংগৃহীত ছবি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, বিনিয়োগের প্রধান শর্তই হলো নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ। এ লক্ষ্যেই সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা। বিনিয়োগকারীরা নিরাপদ পরিবেশে পুঁজি বিনিয়োগ করতে চান। জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও নতুন বিনিয়োগে আগ্রহী হবেন না।

তিনি আরও বলেন, সিইআইজেডসহ দেশের সব অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্পাঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করছে। কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা বরদাশত করা হবে না।

উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ চীনা অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যান ওয়াং বেংকিয়াং, চীনা সড়ক ও সেতু করপোরেশনের (সিআরবিসি) ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ইয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, আনোয়ারার বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি পুরোপুরি চালু হলে দেশে উল্লেখযোগ্য বৈদেশিক বিনিয়োগ আসবে এবং স্থানীয় পর্যায়ে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে এ সম্ভাবনা বাস্তবায়নে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা অপরিহার্য।

Nagad