শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচার সফল; কয়েক সপ্তাহ বিশ্রামে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্, জুলই ২৮, ২০২৬

শুটিং চলাকালে কব্জিতে গুরুতর আঘাত পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছে দক্ষিণী সুপারস্টার রামচরণকে। দীর্ঘদিন ব্যথা নিয়েই কাজ চালিয়ে গেলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার (২৭ জুলাই) কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালে রামচরণের অস্ত্রোপচার সম্পন্ন হয়। শুটিংয়ের সময় আহত হলেও ব্যস্ত শিডিউলের কারণে তাৎক্ষণিক অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করানো হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ৩৯ বছর বয়সী এই অভিনেতা।

রোববার হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দর থেকে কোয়েম্বাটুরে যান রামচরণ। এ সময় তার সঙ্গে ছিলেন বাবা ও অভিনেতা চিরঞ্জীবী, মা সুরেখা এবং স্ত্রী উপাসনা কামিনেনি।

চিকিৎসক সূত্রে জানা গেছে, আঘাতটি জটিল হওয়ায় যুক্তরাষ্ট্র থেকে হাত ও কব্জির একজন বিশেষজ্ঞ চিকিৎসককে আনা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রামচরণকে কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। চিকিৎসকদের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত তিনি কোনো শুটিংয়ে অংশ নিতে পারবেন না। তার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Nagad

উল্লেখ্য, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পেড্ডি’ সিনেমার প্রচারণার সময়ও রামচরণের কব্জিতে চোটের বিষয়টি নজরে আসে। তবে তখনও তিনি প্রচারণা কার্যক্রম চালিয়ে যান।

এদিকে, রামচরণের পরবর্তী সিনেমা ‘আরসি ১৭’-এর প্রি-প্রোডাকশনের কাজ চলছে। নির্মাতা সুকুমারের পরিচালনায় নির্মিতব্য এই সিনেমার শুটিং শুরু হবে অভিনেতা পুরোপুরি সুস্থ হওয়ার পর।