সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে আপাতত কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত এবং তাকে সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত রাখার আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আদালত একই সঙ্গে জামায়াতের প্রার্থী নুরুল আমীনকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়েরের নির্দেশ দিয়েছেন।
আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে নুরুল আমীনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির এবং আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।
শুনানি শেষে আইনজীবী শিশির মনির বলেন, আদালত নিয়মিত আপিল করতে বলেছেন। তার দাবি, সরোয়ার আলমগীর শপথ নেওয়ায় আপাতত সংসদ সদস্য থাকলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন না।
তবে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আপিল বিভাগের আদেশ অনুযায়ী সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে কোনো বাধা নেই।
গত ৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। একই দিন তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এর আগে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করলে তিনি হাইকোর্টে রিট করেন। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন।
পরে জামায়াতের প্রার্থী নুরুল আমীন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ মঞ্জুর করে সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরোয়ার আলমগীর বিজয়ী হলেও আদালতের নির্দেশে ফলাফল প্রকাশ করা হয়নি। পরে ১৬ জুন আপিল বিভাগ দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দেন। এরপর ৯ জুলাই হাইকোর্ট রুল নিষ্পত্তি করে তার মনোনয়ন বৈধ ঘোষণা করলে ফলাফল প্রকাশ এবং শপথ গ্রহণের পথ উন্মুক্ত হয়।
সর্বশেষ বুধবার আপিল বিভাগ নুরুল আমীনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়ে নিয়মিত আপিল দায়েরের নির্দেশ দিয়েছেন। এর ফলে আপাতত সংসদ সদস্য হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে কোনো আইনি বাধা থাকছে না।

