দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৪ অপরাহন, গাস্ট ২, ২০২৬

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫–এর প্রবিধি ৬৪ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটিসহ দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে।

এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ৩০ জুলাইয়ের নির্দেশনার আলোকে সংশোধিত প্রবিধানমালা (এসআরও নং ৮৯-আইন/২০২৬) অনুসারে নতুন অ্যাডহক কমিটি গঠনের পদ্ধতি ও শর্ত নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য প্রতিষ্ঠানপ্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে তিন সদস্যের একটি প্যানেল প্রস্তাব করবেন। শিক্ষানুরাগী ব্যক্তি, সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তদূর্ধ্ব সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে এ প্যানেল গঠন করতে হবে।

সিটি করপোরেশন এলাকাভুক্ত দাখিল ও আলিম মাদরাসার ক্ষেত্রে বিভাগীয় কমিশনারের মাধ্যমে কমিটির প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠানোর বিধান রাখা হয়েছে।

Nagad

এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার অধ্যক্ষ, সুপার, পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।