‘৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম, সম্পর্ক কবর পর্যন্ত বেঁচে থাকুক’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২০ অপরাহন, গাস্ট ২, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী উদযাপন করছেন তাদের বিবাহিত জীবনের ৩১ বছর। বিশেষ এই দিনে স্ত্রী মৌসুমীকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা শেয়ার করেছেন অভিনেতা ওমর সানী।

রোববার (২ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত; আমীন।’

ওমর সানীর এই পোস্ট মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের নজর কাড়ে। মন্তব্যের ঘরে অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসার বার্তায় ভরে ওঠে পোস্টটি।

ঢালিউডের অন্যতম সফল এই জুটির পরিচয় ১৯৯২ সালে। তখন ওমর সানীর প্রথম সিনেমা মুক্তি পেয়েছে, আর মৌসুমীর অভিষেক চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির অপেক্ষায়। পরিচালক শেখ নজরুল ইসলামের একটি সিনেমার সূত্রে প্রথম দেখা হলেও নানা কারণে সেই ছবিতে কাজ করা হয়নি।

পরবর্তীতে ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধেন তারা। শুটিং চলাকালে ছোটখাটো মনোমালিন্য হলেও সেখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে ভালো লাগা, যা পরে রূপ নেয় ভালোবাসায়। ১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওমর সানী ও মৌসুমী। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ব্যক্তিগত ও পেশাগত জীবনে একসঙ্গে পথ চলা এই তারকা দম্পতি এখনও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি।

Nagad