এআইইউবিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন (জেএমসি) বিভাগের উদ্যোগে দিনব্যাপী মোবাইল ফটোগ্রাফি কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ কর্মশালায় বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
জেএমসি বিভাগের মেধাবী শিক্ষার্থী ও এআইইউবির প্রতিভাবান আলোকচিত্রী প্রয়াত তানভীর সিদ্দিক মজুমদারের জন্মদিন উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ আয়োজন করা হয়। তাঁর সৃজনশীলতা, ফটোগ্রাফির প্রতি ভালোবাসা এবং শিল্পচর্চার অনুপ্রেরণাকে স্মরণ করতেই কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মোবাইল ফটোগ্রাফির বিভিন্ন কৌশল, বিশেষ করে প্রতিকৃতি (পোর্ট্রেট) আলোকচিত্রের ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে তারা নিজেদের সৃজনশীলতা ও দক্ষতার পরিচয় দিয়ে প্রতিযোগিতায় অংশ নেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে জ্যেষ্ঠ শিক্ষক নিয়াজ মাজুমদার বিজয়ীদের নাম ঘোষণা করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের সহযোগী ডিন ড. ফারিয়া সুলতানা, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডেসহ বিভাগের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

