ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করল ইরান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে আলোচনা শুরুর দাবিকে সরাসরি নাকচ করেছে তেহরান। ইরান বলেছে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা চলছে না।
সোমবার (৩ আগস্ট) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
তিনি বলেন, বর্তমানে শুধু ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হচ্ছে। ওই আলোচনায় কোনো তৃতীয় পক্ষের অংশগ্রহণ নেই।
ইসমাইল বাঘেই আরও বলেন, যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বিষয় এবং ওয়াশিংটনের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রশ্ন পরিস্থিতি বিবেচনায় পরে দেখা হবে।
এর আগে নিউ জার্সি সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সোমবার থেকেই ইরানের সঙ্গে আলোচনা শুরু হবে। তবে সম্ভাব্য সমঝোতায় পৌঁছানোর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।
যদিও তিনি বৈঠক কোথায় হবে বা এতে কারা অংশ নেবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এর আগে শনিবার (১ আগস্ট) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ একটি চুক্তি চূড়ান্ত করতে অতিরিক্ত সময় চেয়েছে। তাই ইরানের জ্বালানি স্থাপনায় সর্বাত্মক হামলা স্থগিত রাখা হয়েছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য ওই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো সম্ভব হবে। একই সঙ্গে তিনি তেহরানকে দ্রুত সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান।
তবে ইরানের সর্বশেষ বক্তব্যে স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা বর্তমানে চলছে না।
সূত্র: রয়টার্স, ইরনা।

