গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিনের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্, গাস্ট ৪, ২০২৬

গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরার রাজউক কলেজের সামনে গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিন বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিলে থাকা অতিরিক্ত (হিডেন) চার্জ বাতিল করতে হবে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমবে এবং জনভোগান্তি লাঘব হবে।

তিনি অভিযোগ করেন, গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবনে চাপ সৃষ্টি করেছে। দুর্নীতি শতভাগ নির্মূল করা গেলে দেশের অর্থনীতি ও মানুষের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, জুলাই সনদ শুধু ঘোষণায় সীমাবদ্ধ না রেখে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় এর পরিণতি সরকারকে ভোগ করতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, সরকার জুলাইয়ের চেতনার কথা বললেও তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিচ্ছে না।

Nagad

সমাবেশে ৫ আগস্ট ‘দ্বিতীয় স্বাধীনতার বিজয় দিবস’ উপলক্ষে সকাল ১০টায় পল্টনে সমবেত হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে উত্তরার রাজউক কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জসীমউদ্দীন সড়কে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।