তরুণীকে নিয়ে গ্রামবাসীর হাতে রিপন মিয়া, যা জানা গেল
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। নেত্রকোণায় এক তরুণীকে নিয়ে স্থানীয়দের হাতে আটকের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ও পোস্ট ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, সোমবার (৩ আগস্ট) রাতে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে স্থানীয় লোকজন রিপন মিয়াকে আটক করেন বলে দাবি করা হয়। পরে তাকে স্থানীয়ভাবে আয়োজিত একটি সালিশি বৈঠকে নেওয়া হয়। উপজেলার ৮ নম্বর দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ওই সালিশের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, বিবাহিত রিপন মিয়ার বিরুদ্ধে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠে। এ ঘটনায় অনুষ্ঠিত সালিশে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছেড়ে যাওয়ার দাবি জানানো হয়েছে বলেও প্রচার করা হচ্ছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০১৬ সালে ফেসবুকে কনটেন্ট নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন রিপন মিয়া। ‘হা হা হা, এটাই বাস্তব’, ‘হাই আই অ্যাম রিপন ভিডিও’ এবং ‘বন্ধু তুমি একা হলে আমায় দিয়ো ডাক’—এসব সংলাপের মাধ্যমে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

