শেখ হাসিনার অনুষ্ঠান নিয়ে মুখ খুলল ভারত সরকার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৩ অপরাহন, গাস্ট ৪, ২০২৬

সংগৃহীত ছবি

নয়াদিল্লিতে আগামী বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে অবস্থান জানিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পর্ক নেই এবং সেখানে দেওয়া কোনো বক্তব্যকেও সরকার সমর্থন করে না।

মঙ্গলবার (৪ আগস্ট) দিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে যেন শেখ হাসিনা ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য বা কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন। এ বিষয়ে ভারতের অবস্থান কী?

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনাকে নিয়ে যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে আয়োজিত হচ্ছে।

তিনি বলেন, ‘এই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। সেখানে প্রকাশ করা কোনো মতামত বা বক্তব্য ভারত সরকার সমর্থন করে না এবং এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

এর আগে বাংলাদেশের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া হলে তা দুই দেশের সম্পর্ক ও বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।

Nagad

তবে ভারত সরকার জানিয়েছে, বেসরকারি কোনো সংগঠনের আয়োজিত অনুষ্ঠানের বক্তব্য বা কার্যক্রমের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই।