২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

পিরোজপুর সংবাদদাতা:পিরোজপুর সংবাদদাতা:
প্রকাশিত: ৯:১৭ অপরাহন, গাস্ট ৪, ২০২৬

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি ২০২৬। আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত এ শুমারি সফলভাবে পরিচালনার লক্ষ্যে পিরোজপুরে জেলা পর্যায়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। স্বাগত বক্তব্য দেন পিরোজপুর সদর উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদ। পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে নৌযান শুমারির বিভিন্ন দিক তুলে ধরেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক হারুন-অর-রশীদ।

সভায় জেলা পুলিশ, নৌপুলিশ, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), মৎস্য অধিদপ্তর, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিবিএসের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

সভায় জানানো হয়, সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলপথে চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের একটি নির্ভরযোগ্য জাতীয় ডাটাবেজ তৈরির লক্ষ্যেই এই শুমারির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তুত হওয়া তথ্যভান্ডার ভবিষ্যতে নৌযান নিবন্ধন, নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি কার্যক্রমে ব্যবহার করা হবে।

এ লক্ষ্যে গত ৪ থেকে ১৭ মে পর্যন্ত তালিকাভুক্তি কার্যক্রম পরিচালনা করা হয়। ওই কার্যক্রমে পিরোজপুর জেলাকে ১৮টি জোনে ভাগ করা হয়েছে। ১৩০ জন গণনাকারী জেলার ৪২২টি ঘাট ও ১৫৭টি গণনা এলাকায় তথ্য সংগ্রহ করেন। এতে ৮ হাজার ৪৫৭টি ঘাটভিত্তিক এবং ১ হাজার ৬৩টি খানাভিত্তিক নৌযানসহ মোট ৯ হাজার ৫২০টি নৌযানের তথ্য শনাক্ত করা হয়েছে।

Nagad

বিবিএস জানায়, এ শুমারির মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নৌযানের নির্ভরযোগ্য পরিসংখ্যান তৈরি হবে। পাশাপাশি নৌ-দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দ্রুত শনাক্তকরণ, নৌযানের নিরাপত্তা জোরদার, নাবিকদের প্রশিক্ষণ, মালিক-শ্রমিকদের তথ্যভান্ডার তৈরি এবং নৌপরিবহন খাতের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় বক্তারা মাঠপর্যায়ে শুমারি কার্যক্রম নির্ভুল ও সময়মতো সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নৌযান মালিক, মাঝি-মাল্লা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় একটি সফল ও মানসম্মত নৌযান শুমারি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।