চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ অপরাহন, গাস্ট ৪, ২০২৬

দীর্ঘ এক বছরেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ আগস্ট) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে দেশে পৌঁছান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ের জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হুইলচেয়ারে দেখা যায় ইলিয়াস কাঞ্চনকে। শারীরিকভাবে কিছুটা দুর্বল ও ক্লান্ত দেখালেও উপস্থিত স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো আছি। শরীরও ভালো আছে। সবার কাছে আমার জন্য দোয়া চাই। আমিও সবার জন্য দোয়া করছি।’

২০২৫ সালের এপ্রিল মাসে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এই অভিনেতা। একই বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। তবে ঝুঁকির কারণে টিউমারের পুরো অংশ অপসারণ করা সম্ভব হয়নি বলে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়।

এরপর থেকে নিয়মিত চিকিৎসা ও কেমোথেরাপি চালিয়ে যাচ্ছেন তিনি। ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ জানান, গত এক বছরে ইলিয়াস কাঞ্চন প্রায় ৬০টি কেমোথেরাপি নিয়েছেন। তবে চিকিৎসা চললেও প্রত্যাশিত উন্নতি এখনো হয়নি।

তিনি আরও জানান, আগামী ১৪ আগস্টের আগেই আবার লন্ডনে ফিরতে হবে ইলিয়াস কাঞ্চনকে। কারণ ১৫ আগস্ট তার পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা নির্ধারিত রয়েছে।

Nagad

ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা। ‘বেদের মেয়ে জোছনা’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের ভালোবাসা পেয়েছেন। অভিনয়ে অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলনে ভূমিকার স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন একুশে পদক।