দুবাইয়ে ২০ মিনিটে ৭ বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাত্র ২০ মিনিটের ব্যবধানে সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) ভোরে শহরের দক্ষিণাঞ্চলের বন্দর এলাকা ও জেবেল আলি শিল্পাঞ্চলে এসব বিস্ফোরণ ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশজুড়ে ঘন কালো ধোঁয়া দেখা যায়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর আমিরাতি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, স্বল্প সময়ের মধ্যে অন্তত সাতটি বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ।
প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাস্থলের ভিডিও ধারণের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। যদিও এ বিষয়ে আমিরাতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে কয়েকটি ইরাকি সংবাদমাধ্যম দাবি করেছে, যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতের মধ্যে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এ দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আমিরাতের সরকারি বা মূলধারার সংবাদমাধ্যমও এমন কোনো হামলার বিষয় নিশ্চিত করেনি।
নাসার তাপীয় উপগ্রহচিত্রে জেবেল আলি বন্দরের পাশের একটি গুদাম এলাকায় আগুনের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গুদামটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত হতো।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত উচ্চ সতর্কতায় রয়েছে। দেশটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় অতীতেও সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার লক্ষ্য হিসেবে আমিরাতের নাম আলোচনায় এসেছে।

