রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন
ভারতের কলকাতাভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ ছেড়েছেন বিতর্কিত ও আলোচিত জ্যেষ্ঠ সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে পদত্যাগের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন লেখেন, ‘হ্যাঁ, ঠিকই শুনেছেন। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালেই রিপাবলিক বাংলা সংবাদে আমার শেষ দিন ছিল।’ তবে কেন বা কী কারণে চ্যানেলটি ছাড়লেন, সে বিষয়ে স্পষ্ট কোনো কারণ ব্যাখ্যা করেননি তিনি।
ভবিষ্যৎ পথচলা নিয়ে তিনি পোস্টে আরও উল্লেখ করেন, ‘টেলিভিশনের স্টুডিওতে এতদিন নির্ভয়ে নিজের বক্তব্য তুলে ধরেছি। এরপর কী হবে? জগন্নাথই জানেন। তিনিই পথ দেখাবেন। কবে থেকে নতুন যাত্রা শুরু হবে, সময় তা বলে দেবে।’
উল্লেখ্য, বাংলাদেশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দ্বিতীয় বার্ষিকীর দিনেই তাঁর পদত্যাগের এই খবরটি সামনে আসে।
বিগত সময়ে বাংলাদেশ সংক্রান্ত সংবাদের পরিবেশন, রাজনৈতিক পরিস্থিতি ও দেশের সার্বভৌমত্ব নিয়ে টেলিভিশন টকশো ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশে তিনি তুমুল সমালোচিত ও নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন।
রিপাবলিক বাংলা ছাড়ার পর তিনি নতুন কোনো গণমাধ্যমে যুক্ত হচ্ছেন কি না কিংবা তাঁর পরবর্তী পরিকল্পনা কী, সে বিষয়ে এখনো কিছু খোলসা করেননি এই সাংবাদিক।

