জুলাই তথ্যচিত্র বিতর্কে দুঃখ প্রকাশ মন্ত্রণালয়ের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্, গাস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রদর্শিত তথ্যচিত্রে ত্রুটির অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে অভিযোগগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের পর দ্রুততম সময়ে তথ্যচিত্রটি প্রকাশের আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ৫ আগস্ট বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ উপস্থাপনায় ত্রুটির অভিযোগ ওঠার পর সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

বিবৃতিতে বলা হয়, তথ্যচিত্রটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পরিমার্জন শেষে দ্রুত প্রকাশ করা হবে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্ভুল, তথ্যভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলকভাবে সংরক্ষণে সরকার অঙ্গীকারবদ্ধ।

মন্ত্রণালয় আরও জানায়, অভিযোগ জানানোর অধিকার সবার থাকলেও তা নিয়মতান্ত্রিক উপায়ে হওয়া উচিত। রাষ্ট্রীয় অনুষ্ঠানে গোলযোগ সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এছাড়া প্রধানমন্ত্রীকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোর অভিযোগ তুলে এ ধরনের বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে রাষ্ট্রবিরোধী ও গণতন্ত্রবিরোধী অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

Nagad