‘টক্সিক’ ট্রেলার প্রকাশ, একাধিক চরিত্রে ইয়াশ; দেখা গেলেন কিয়ারা-নয়নতারা
দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেল কন্নড় তারকা ইয়াশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর ট্রেলার। শনিবার সন্ধ্যায় প্রকাশিত ট্রেলারে ইয়াশকে একাধিক চরিত্রে দেখা গেছে। পাশাপাশি কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া ও হুমা কুরেশিকেও দেখা গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে।
১৯৮০-এর দশকের গোয়ার পটভূমিতে নির্মিত সিনেমাটিতে বন্দুকযুদ্ধ, বিস্ফোরণ, রক্তপাত, প্রতিশোধ ও পারিবারিক দ্বন্দ্বের নানা আভাস মিলেছে। ট্রেলারের শুরুতেই ইয়াশের অভিনীত চরিত্রের সঙ্গে তার ছেলের জটিল সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়।
সিনেমায় ইয়াশকে রায়া ও রুমি চরিত্রে দেখা যাবে। ট্রেলারজুড়ে তার চরিত্রের নানা রূপ উঠে এসেছে। বিশেষ করে বাবা-ছেলের আদর্শগত সংঘাত গল্পের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ট্রেলারে ইয়াশের সঙ্গে কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার চরিত্রের সম্পর্কেরও আভাস রয়েছে। কিয়ারা অভিনয় করেছেন নাদিয়া চরিত্রে। নয়নতারা রয়েছেন গঙ্গা চরিত্রে। এ ছাড়া হুমা কুরেশিকে এলিজাবেথ, তারা সুতারিয়াকে রেবেকা এবং রুক্মিণী বসন্তকে মেলিসা চরিত্রে দেখা যাবে।
ট্রেলারের বিভিন্ন দৃশ্যে নারীবিদ্বেষ, রাগ, লোভ ও ক্ষমতার দ্বন্দ্বের মতো বিষয় উঠে এসেছে। শেষদিকে ইয়াশের রায়া ও টক্সিককে মুখোমুখি সংঘর্ষে জড়াতে দেখা যায়। ফলে বাবা-ছেলের সম্পর্ক সিনেমায় কী ধরনের মোড় নেবে, তা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
‘টক্সিক’ পরিচালনা করেছেন গীতু মোহানদাস। সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। পরে হিন্দি, তেলেগু, তামিল ও মালয়ালমসহ কয়েকটি ভাষায় ডাব করে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
২০২৪ সালের আগস্টে সিনেমাটির শুটিং শুরু হয় এবং ২০২৫ সালের অক্টোবরে তা শেষ হয়। বেঙ্গালুরু, মুম্বাই, গোয়া, তুতিকোরিন ও জয়পুরের বিভিন্ন স্থানে হয়েছে দৃশ্যধারণ।
সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির নতুন গান ‘মানমোহকা’। এতে ইয়াশের সঙ্গে কিয়ারা ও তারাকে দেখা গেছে। গানটিতেও তিন চরিত্রের জটিল সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়।
এর আগে প্রকাশিত ‘টাবাহি’ গানটি নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা হয়। বিশেষ করে ইয়াশ ও কিয়ারার রসায়ন এবং সিনেমার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
ভেঙ্কট কে. নারায়ণ ও ইয়াশের প্রযোজনায় সিনেমাটি আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে

