রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৩১ অপরাহন, গাস্ট ৯, ২০২৬

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা।

রোববার (৯ আগস্ট) বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানায়, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারাও রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার পক্ষে মত দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলের ভেতরে নেতৃত্ব এবং রাজনৈতিক অঙ্গনে গ্রহণযোগ্যতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে রাষ্ট্রপতি পদে বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। দলটি এককভাবে ২০৯টি এবং জোটগতভাবে মোট ২১২টি আসন পায়।

বিদ্যমান সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন।

এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে।

Nagad

দলীয় নেতারা জানান, বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিএনপির আন্দোলন-সংগ্রামেও তিনি দৃশ্যমান নেতৃত্বে ছিলেন।

দলের শীর্ষ দুই নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের অনুপস্থিতির সময়ে বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মির্জা ফখরুল। ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরে মহাসচিব হিসেবে তিনি দলের ভেতরে ও বাইরে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন।

দলীয় নীতিনির্ধারকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও বিভিন্ন মহলে গ্রহণযোগ্যতার বিষয়টি বিবেচনায় নিয়েই তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।