সৌদিতে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৩৫ অপরাহন, গাস্ট ১০, ২০২৬

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর পরিবারের সম্মতি অনুযায়ী মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।

সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৯ আগস্ট) সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসা সানাইয়া এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানাটিতে কর্মরত ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। বাকি তিনজনের মধ্যে দুজন নাটোরের নলডাঙ্গা এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ উদ্ধার করে রিয়াদের কিং সৌদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ করছেন।

এদিকে ১৬ বাংলাদেশির মৃত্যুর খবরে তাদের নিজ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নিহতদের গ্রামের পরিবেশ।

Nagad