বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৫৯ অপরাহন, গাস্ট ১০, ২০২৬

বেসরকারি স্কুল-কলেজে প্রবেশপর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে শিক্ষক নিয়োগে আর সুপারিশ করবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

গত ৩ আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, এনটিআরসিএ এখন থেকে শুধু শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নের দায়িত্ব পালন করবে।

সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত এনটিআরসিএ মূলত নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রম পরিচালনা করেছে। ২০১৫ সালের পর নিয়োগের সুপারিশ শুরু হওয়ায় বিভিন্ন জটিলতা, মামলা ও অচলাবস্থা তৈরি হয়েছে।

সভার কার্যবিবরণী অনুযায়ী, ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় আইন ও বিধিমালা সংশোধন করা হবে।

এদিকে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনকে তাদের পছন্দ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র বা প্রজ্ঞাপন জারি করা হবে।

২০০৫ সালে প্রতিষ্ঠার পর প্রথম এক দশক শুধু শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও সনদ দেওয়ার কাজ করে এনটিআরসিএ। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে নিবন্ধনধারী শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ দেওয়ার কার্যক্রম শুরু করে সংস্থাটি। এ পর্যন্ত এনটিআরসিএ ১ লাখ ৭৭ হাজার ৫৭১ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে।

Nagad