জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে সরকারের আগ্রহ: জ্বালানি মন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৪৯ অপরাহন, গাস্ট ১১, ২০২৬

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে সরকার আগ্রহী বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার প্রাইভেট ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি। বিশেষ করে এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে আমরা আগ্রহী।’

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

দেশের সংকটকে কাজে লাগিয়ে কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা দেশের জন্য ক্ষতিকর হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের সংকট বাড়িয়ে কেউ কোনো কিছু হাসিল করতে পারবে না। তিনি বলেন, ‘অতীতের সরকার উন্নয়নের নাম দিয়ে ১৬ বছর ক্ষমতায় ছিল। আমরা ক্ষমতায় এসে দেখলাম, কোথায় পয়সা বানানো যাবে, সেখানে উন্নয়ন হয়েছে।’

গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, একটি এফএসআরইউ (ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ টার্মিনাল) বন্ধ হওয়ার পর সারা দেশে গ্যাসের সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে শিল্পমালিকদের সঙ্গে সরকার আলোচনা করবে। শিল্পমালিকরা যাতে বিপদে না পড়েন, সেদিকে সরকার নজর রাখছে।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে সতর্কতার সঙ্গে এগোনোর কথা জানিয়ে তিনি বলেন, এসব প্রকল্পের কারণে অনেক অর্থায়ন বন্ধ হয়ে গেছে।

সৌরবিদ্যুতের বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সোলারের ব্যাপারে আমরা অ্যাগ্রেসিভ। এটাকে বিজনেস অরিয়েন্টেড করার জন্য আমরা কাজ করেছি। দুই মাসের মধ্যে আমরা পলিসি তৈরি করেছি। আমরা যা পলিসিতে বলেছি, ওটাই বাস্তবায়ন হবে। ওপেক্স মডেলে ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশে সোলার ছড়িয়ে দেওয়া হবে।’

Nagad