বাংলাদেশে হাইফিউচারের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট
বাংলাদেশের বাজারে লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচারের এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে কাজ করবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
সম্প্রতি স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ও হাইফিউচার ব্র্যান্ডের স্বত্বাধিকারী চীনের শেনজেন ফিউচার অ্যাক্সেস টেকনোলজি কোম্পানি লিমিটেডের মধ্যে এ বিষয়ে একটি এক্সক্লুসিভ পরিবেশক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় বাংলাদেশের বাজারে হাইফিউচারের সব ধরনের গ্যাজেট ও স্মার্ট অ্যাক্সেসরিজ বাজারজাত করবে স্মার্ট টেকনোলজিস। প্রাথমিকভাবে দেশের বাজারে ব্র্যান্ডটির স্মার্টওয়াচ, ইয়ারবাড, স্পিকার ও হেডফোন পাওয়া যাবে। পর্যায়ক্রমে আরও বিভিন্ন লাইফস্টাইল গ্যাজেট বাজারে আনার পরিকল্পনা রয়েছে।
স্মার্ট টেকনোলজিসের হাইফিউচার বিজনেস হেড মো. সাইফুল ইসলাম বলেন, হাইফিউচার দ্রুত বিকাশমান একটি স্মার্ট গ্যাজেট ব্র্যান্ড। চার বছরে বিশ্বের ৯০টি দেশে ব্র্যান্ডটি অবস্থান তৈরি করেছে। আন্তর্জাতিক মানের নকশা, প্রযুক্তি ও প্রতিযোগিতামূলক দামের কারণে বাংলাদেশের তরুণ ও প্রযুক্তিপ্রেমীদের কাছে ব্র্যান্ডটি জনপ্রিয় হবে বলে আশা করেন তিনি।
তিনি বলেন, স্মার্ট টেকনোলজিসের পরিবেশক নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে হাইফিউচারের পণ্য সহজলভ্য করা হবে।
আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের বিভিন্ন আইটি ও ইলেকট্রনিক্স মার্কেট এবং শোরুমে হাইফিউচারের পণ্য পাওয়া যাবে। প্রতিটি পণ্যের সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

