রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪৬ অপরাহন, গাস্ট ১১, ২০২৬

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দল বা বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি। এ নিয়ে দলের অভ্যন্তরে এবং স্থায়ী কমিটিতে আলোচনা চলছে।

তিনি বলেন, প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে তুলে ধরা হবে।

রাষ্ট্রপতি পদে কী ধরনের প্রার্থীকে বিএনপি মনোনয়ন দিতে পারে—এমন প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মনি বলেন, বিএনপি সব সময় যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে এমন একজনকে মনোনয়ন দেওয়া হবে, যিনি দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে পারবেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে দলের চেয়ারম্যানের নির্দেশনাই চূড়ান্ত।

Nagad