এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য ৯ শিক্ষাবৃত্তি, যেভাবে আবেদন করবেন
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। তাদের অনেকেই আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষা চালিয়ে যেতে হিমশিম খায়। এসব শিক্ষার্থীর জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষাবৃত্তি দিয়ে থাকে।
এসব বৃত্তির কোনোটি ফল প্রকাশের পরপরই দেওয়া হয়, আবার কোনো কোনো বৃত্তির আবেদন শুরু হয় কয়েক মাস পর। বেশির ভাগ ক্ষেত্রেই অনলাইনে আবেদন করতে হয়। এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ৯টি শিক্ষাবৃত্তির তথ্য তুলে ধরা হলো—
১. শিক্ষা বোর্ডের মেধা ও সাধারণ বৃত্তি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাধারণ বৃত্তি দেওয়া হয়। ফলাফলের ভিত্তিতে শিক্ষা বোর্ডগুলো শিক্ষার্থী নির্বাচন করে।
সাধারণত ফল প্রকাশের কয়েক মাস পর বৃত্তির কার্যক্রম শুরু হয়। এজন্য শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে হবে।
২. ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি
মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল এসএসসি ও সমমান পাস শিক্ষার্থীদের জন্য ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। ২০২৬ সালের বৃত্তির জন্য আবেদন করা যাবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রাথমিকভাবে বাছাই করা শিক্ষার্থীদের তালিকা ২২ সেপ্টেম্বর প্রকাশের কথা রয়েছে।
সিটি করপোরেশন ও জেলা শহরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জিপিএ-৫ থাকতে হবে। গ্রামীণ ও অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৮৩ নির্ধারণ করা হয়েছে।
এইচএসসি পর্যায়ে দুই বছর প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। পাশাপাশি বছরে পাঠ্য উপকরণের জন্য ২ হাজার ৫০০ টাকা এবং পোশাকের জন্য ১ হাজার টাকা দেওয়া হবে।
আবেদন করতে হবে ডাচ্-বাংলা ব্যাংকের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে। আবেদনের সঙ্গে শিক্ষার্থী ও বাবা-মায়ের ছবি, এসএসসির নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি দিতে হবে। https://app.dutchbanglabank.com/DBBLScholarship/
৩. শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন বৃত্তি
অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এইচএসসি পর্যায়ে বৃত্তি দেয় শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।
বিভাগীয় শহর বা সিটি করপোরেশন এলাকার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৫ এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৪ দশমিক ৮০ থাকতে হবে। সিটি করপোরেশনের বাইরে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৪ দশমিক ৮০ এবং অন্যান্য বিভাগের জন্য ৪ দশমিক ৫০ প্রয়োজন।
আবেদনকারীর বাবা, মা বা অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার বেশি হলে আবেদন গ্রহণ করা হবে না। ২০২৫ সালে এসএসসি বা সমমান পাস করে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আগামী ২৭ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। (https://scholarship.sjiblbd.com/)।
৪. প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
উচ্চমাধ্যমিক ও সমমান পর্যায়ে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের আবেদন ইতোমধ্যে শেষ হয়েছে। আবেদনকারী অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকা বা তার কম হতে হয়।
৫. সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি
সোনালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দরিদ্র, মেধাবী ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় আসে।
৬. সমন্বিত উপবৃত্তি কর্মসূচি
সরকারের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়।
তবে অন্য কোনো সরকারি উৎস থেকে উপবৃত্তি বা শিক্ষা ভাতা পাওয়া শিক্ষার্থীরা এ কর্মসূচির জন্য যোগ্য নয়। শিক্ষা বোর্ডের মেধা বা সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও এ উপবৃত্তি পাবেন না।
৭. ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বৃত্তি
প্রবাসী কর্মীদের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সন্তানদের শিক্ষাবৃত্তি দেয় বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
প্রবাসী পরিবারের শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে পারেন। এজন্য বোর্ডের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট অফিসের বিজ্ঞপ্তিতে নজর রাখা প্রয়োজন।
৮. মেঘনা গ্রুপের ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান’
প্রান্তিক পর্যায়ের চা-দোকানি বাবা-মায়ের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সন্তানদের জন্য মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’ আয়োজন করা হচ্ছে।
নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন শিক্ষা বৃত্তি, এইচএসসির সব বিষয়ের অনলাইন কোর্স, সনদ, ক্রেস্ট, সংবর্ধনা মেডেল ও বিশেষ উপহার পাবেন।
জিপিএ-৫ পাওয়া যোগ্য শিক্ষার্থীরা আগামী ২৫ আগস্ট পর্যন্ত বিনামূল্যে অনলাইনে আবেদন করতে পারবেন। www.no1family.com
৯. মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের বৃত্তি
যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক দাতব্য সংগঠন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনও মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে। গত বছর এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিকে ভর্তির সহায়তা ও মাসিক বৃত্তির জন্য আবেদন নেওয়া হয়েছিল।
চলতি বছর আবেদন শুরু হলে প্রতিষ্ঠানটির নির্ধারিত বিজ্ঞপ্তি ও ওয়েবসাইটে তা জানানো হবে।
বৃত্তিপ্রত্যাশীদের করণীয়
শিক্ষাবৃত্তির আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সর্বশেষ বিজ্ঞপ্তি দেখে যোগ্যতা, আবেদনের সময়সীমা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা জরুরি। একই সঙ্গে একাধিক বৃত্তিতে আবেদনের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা রয়েছে কি না, সেটিও দেখে নিতে হবে।

